পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক দল Pakistan Muslim League (N)-এর প্রাদেশিক পরিষদের সদস্য Saqib Chaudhry-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী Momina Iqbal। তিনি অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তাকে হয়রানি, ব্ল্যাকমেল এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় গত ২২ মে লাহোরের চুং থানায় একটি এফআইআর দায়ের করেন অভিনেত্রী।
পাকিস্তানি সংবাদমাধ্যম Geo News–এর প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগ দায়েরের সময় মোমিনা তার আইনজীবীদের সঙ্গে থানায় উপস্থিত ছিলেন। তিনি থানার স্টেশন হাউজ অফিসার (এসএইচও) ফাহিম ইমদাদকে পুরো বিষয়টি অবহিত করেন।
অভিযোগপত্রে মোমিনা ইকবাল উল্লেখ করেন, সাকিব চাধারী তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে পরে তিনি জানতে পারেন, ওই এমপিএ আগে থেকেই দুই নারীর সঙ্গে বিবাহিত। বিষয়টি জানার পর মোমিনা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর থেকেই তার ওপর মানসিক চাপ, অশালীন আচরণ এবং বিভিন্নভাবে হুমকি দেওয়া শুরু হয় বলে অভিযোগ করেন তিনি।
মোমিনা আরও দাবি করেন, প্রস্তাব প্রত্যাখ্যানের পর থেকেই সাকিব তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেন। তার মোবাইলে একাধিক হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো হয় এবং ভিডিও কলের মাধ্যমেও বিরক্ত করা হয়। শুধু তাই নয়, তার হবু স্বামী ও পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তার বোনের ফোন নম্বরেও হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে।
এ ঘটনায় পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী Maryam Nawaz সামাজিক যোগাযোগমাধ্যম X (formerly Twitter)-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, তদন্তে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, মামলার তথ্য সংগ্রহ বা তদন্ত কাজে চাপ, ভয়ভীতি কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে এখনো সাকিব চাধারীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কসমিক ডেস্ক