ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নীরবে দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি টানার পর আর্থিক ক্ষতি ও পারিবারিক কারণ দেখিয়ে বিদেশে গেছেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি জানান, ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি আইসিটি, পিটিডি ও বিটিআরসি থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন। ১০ ফেব্রুয়ারি ছিল তার শেষ কর্মদিবস। ওই দিন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী নৈশভোজও করেন। নির্বাচনে প্রযুক্তিনির্ভর আয়োজনেও তার অবদান ছিল বলে উল্লেখ করেন তিনি।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও কটূক্তির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, তথ্য যাচাই ছাড়া অসম্মানজনক মন্তব্য না করার আহ্বান জানান। দেশের জন্য কাজ করতে এসে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সঞ্চয় শেষ হয়ে গেছে বলেও দাবি করেন।
দ্রুত দেশ ছাড়ার কারণ হিসেবে তিনি জানান, তার ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং এবং স্ত্রীর চিকিৎসাজনিত জরুরি প্রয়োজন রয়েছে। যথাযথভাবে ছুটি নিয়ে পরিবারের কাছে যাচ্ছেন বলে জানান তিনি। একইসঙ্গে রিটার্ন টিকিট কাটা রয়েছে বলেও উল্লেখ করেন। দীর্ঘ সময় পরিবারকে সময় দিতে না পারায় এখন কিছুটা সময় দিতে চান বলেও লেখেন তিনি।
পোস্টের পুনশ্চ অংশে তিনি দাবি করেন, দায়িত্ব পালনকালে একটি দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে স্বচ্ছতা, নতুন ব্যবস্থাপনা ও প্রযুক্তি সংযোজনের উদ্যোগ নিয়েছিলেন। পুরোনো আইন ও নীতিমালা পরিবর্তনেও কাজ করেছেন বলে জানান।
তিনি বলেন, কোনো ধরনের দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন। কিছু মোবাইল ব্যবসায়ী ও টেলিকম সংশ্লিষ্ট গোষ্ঠী তার বিরুদ্ধে কুৎসা রটিয়েছে বলেও অভিযোগ করেন।
এর আগে শনিবার সকাল ১০টা ১০ মিনিটে Emirates এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে জার্মানির উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি।
কসমিক ডেস্ক