বগুড়ার ধুনট উপজেলায় বাবার কাছে ঈদে নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হৃদয় রহমান (১৭) নামে এক স্কুলছাত্র।
মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টার দিকে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান-চল্লিশপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হৃদয় রহমান ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি স্থানীয় একটি কারিগরি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে বাবার কাছে নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না ধরেছিল হৃদয়। তবে আর্থিক সংকটের কারণে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল কিনে দিতে পারেননি তার বাবা।
এ নিয়ে অভিমান করে পরিবারের লোকজনের অজান্তে নিজ ঘরের তীরের সঙ্গে প্যান্টের বেল্ট বেঁধে গলায় ফাঁস দেয় হৃদয়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ধুনট থানা পুলিশ।
নিহত হৃদয়ের বাবা আব্দুল লতিফ বলেন, ‘আমার ছেলে কয়েক দিন ধরে মোটরসাইকেল কেনার জন্য বায়না ধরেছিল। আমি বলেছিলাম, হাতে টাকা নেই, পরে কিনে দেব। কিন্তু সে এমন সিদ্ধান্ত নেবে বুঝতে পারিনি।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, পরিবারের সঙ্গে সন্তানদের মানসিক যোগাযোগ ও সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।
কসমিক ডেস্ক