ঈদের আগে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা, যা সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দামের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি এখন ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। একইভাবে ২১ ক্যারেটের এক ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
এর আগে গত শনিবার বাজুস ভরিপ্রতি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছিল। তবে কয়েক দিনের ব্যবধানে আবারও দাম বাড়ায় স্বর্ণবাজারে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা এবং স্থানীয় চাহিদার পরিবর্তনের কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। ঈদের আগে স্বর্ণের দাম বাড়ায় ক্রেতাদের ওপর বাড়তি চাপ পড়বে বলে ধারণা করা হচ্ছে।
কসমিক ডেস্ক