সিংড়ায় গ্রামবাসীর হামলায় তিন পুলিশ সদস্য আহত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সিংড়ায় গ্রামবাসীর হামলায় তিন পুলিশ সদস্য আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 6, 2026 ইং
সিংড়ায় গ্রামবাসীর হামলায় তিন পুলিশ সদস্য আহত ছবির ক্যাপশন:
নাটোরের সিংড়া উপজেলায় স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটির জেরে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের থেলকুড় গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন— কালিগঞ্জ ফাঁড়ির কনস্টেবল মো. আশরাফুল ইসলাম, একই ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিপ্লব কুমার রায় এবং সিংড়া থানার এসআই মো. নেজাম ইসলাম।

আহতদের মধ্যে কনস্টেবল আশরাফুল ইসলামকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুই পুলিশ সদস্যকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে থেলকুড় গ্রামের বাসিন্দা সিয়াম আলী (১৯) সরিষা মাড়াই করার একটি গাড়ি নিয়ে রাস্তা থেকে মাঠে নামার সময় দুর্ঘটনার শিকার হন। গাড়িটি উল্টে গেলে তিনি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নন্দীগ্রাম উপজেলার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে সিয়াম আলীর মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে ঘটনাস্থলে পুলিশ যায়। পুলিশ সদস্যরা জানান, হাসপাতাল থেকে দেওয়া মৃত্যুর কাগজপত্র থানায় জমা দিয়ে দাফন সম্পন্ন করার বিষয়ে তারা পরিবারকে পরামর্শ দেন।

এ সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং কিছু লোক পুলিশের ওপর হামলা চালায়।

হামলার সময় পুলিশের গাড়ির গ্লাস ভাঙচুর করা হয় এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

পরে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম ও সিংড়া থানার ওসি আ.ব.ম আব্দুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও পুলিশি কার্যক্রম পরিচালনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি পুলিশের সঙ্গে অসদাচরণ করেন। একপর্যায়ে তারা হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে।

এ ঘটনায় জড়িত মূল উস্কানিদাতাকে শনাক্ত করার কাজ চলছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে ঢাকার কড়া প্রতিবাদ

মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে ঢাকার কড়া প্রতিবাদ