রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সারজিস আলম ছাত্ররাজনীতির বর্তমান সংস্কৃতি ও নেতৃত্বের আচরণ নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানো আমাকে কষ্ট দেয়। তার নেতৃত্বে লাখ লাখ ছাত্র রয়েছে। তিনি যেভাবে নেতার পেছনে দৌড়ালেন, আওয়ামী লীগের সময়েও এভাবে দৌড়াতে দেখিনি।’
অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলা উদ্বোধন করতে গেলে সেখানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌড়াতে দেখা গেছে বলে তিনি দাবি করেন। বিষয়টিকে তিনি দুঃখজনক হিসেবে উল্লেখ করেন।
ছাত্রদলের উদ্দেশে বক্তব্যে সারজিস আলম বলেন, ছাত্ররাজনীতিতে নতুন একটি মানদণ্ড তৈরি করা প্রয়োজন। তার ভাষ্য অনুযায়ী, ছাত্রনেতাদের আচরণ ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে ওঠে। তাই এমন একটি ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান, যা দেশের ছাত্ররাজনীতিকে গঠনমূলক ধারায় এগিয়ে নেবে।
তিনি আরও বলেন, দেশে নতুন করে রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। তার মতে, একদিকে ক্ষমতাসীন দল নিজেদের কর্মকাণ্ডে পূর্ববর্তী সরকারের তুলনায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে রাজনৈতিক কার্যক্রমের পরিবর্তে প্রদর্শনধর্মী প্রতিযোগিতা বাড়ছে।
সমাপনী বক্তব্যে তিনি বলেন, দেশে সমঝোতার রাজনীতি জোরদার হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির পুনরাবৃত্তির অভিযোগ শোনা যাচ্ছে। এ প্রেক্ষাপটে তিনি ছাত্রশক্তিকে সংগঠিত হয়ে গঠনমূলক ও নীতিনিষ্ঠ রাজনীতির চর্চা করার আহ্বান জানান।
কসমিক ডেস্ক