রাজধানীর কারওয়ান বাজার এলাকায় টিসিবি ভবনের পাশের একটি গ্যারেজে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তা।
ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় দেখা গেছে এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কসমিক ডেস্ক