নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ৪০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। তবে জব্দ করা অর্থ নির্বাচন-সংশ্লিষ্ট নয়, বরং গার্মেন্টস ব্যবসার টাকা—এমন দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে। তার ভাষ্য, এই অর্থ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়; এটি তার ব্যক্তিগত ব্যবসার টাকা।
এর আগে বুধবার দুপুর ১২টার দিকে বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে আটক করা হয়।
নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা টাকা মেশিনে গণনা করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বেলাল উদ্দিন একটি কামিল মাদরাসার শিক্ষক এবং তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা।
কসমিক ডেস্ক