আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হাটগুলোতে অতিরিক্ত র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও চলছে।
শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে কেরানীগঞ্জের বিভিন্ন পশুর হাট পরিদর্শন শেষে র্যাব-১০ এর কর্মকর্তারা জানান, ঈদকে কেন্দ্র করে ছিনতাই, জাল টাকা লেনদেন, চাঁদাবাজি ও অজ্ঞান পার্টির তৎপরতা রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, হাটে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং জাল টাকা শনাক্তকরণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
তিনি আরও জানান, হাটে আগত সাধারণ মানুষকে সতর্কতার সঙ্গে লেনদেন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দেখা গেলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া ঈদযাত্রাকে নিরাপদ রাখতে বাসের ছাদ, ট্রাক, পিকআপ বা অন্য কোনো পণ্যবাহী যানবাহনে যাতায়াত থেকে বিরত থাকতে বলা হয়েছে। ট্রেনের ছাদ বা ঝুঁকিপূর্ণ স্থানে ভ্রমণ না করার পাশাপাশি অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।
র্যাব জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে হাট এলাকায় নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে পশু কেনাবেচা করতে পারেন।
কসমিক ডেস্ক