পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নেওয়া বাংলাদেশ জাতীয় দলের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা-এর এনওসি (ছাড়পত্র) বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে চলমান আসরে আর তাদের খেলা হচ্ছে না।
টুর্নামেন্টের শুরুতে দুজনই নিজ নিজ দলে যোগ দিয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজে অংশ নিতে মাঝপথেই দেশে ফিরে আসেন তারা। সিরিজ শেষে আবার পিএসএলে যোগ দেওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন হচ্ছে না।
বিসিবির এক বিবৃতিতে জানানো হয়, প্রথম ওয়ানডের আগে অনুশীলনের সময় ডান পায়ের হাঁটুতে চোট পান মোস্তাফিজুর রহমান। এ কারণে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। শেষ ম্যাচে একাদশে ফিরলেও এখনো পুরোপুরি সুস্থ নন এই বাঁহাতি পেসার। তার শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণে শিগগিরই স্ক্যান করানো হবে এবং এরপর বোর্ডের মেডিকেল দলের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।
অন্যদিকে, সামনে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় নাহিদ রানাকেও পিএসএলে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং খেলোয়াড়দের ফিটনেস বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
সংশ্লিষ্টরা মনে করছেন, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজকে সামনে রেখে খেলোয়াড়দের সুস্থতা ও প্রস্তুতি নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
কসমিক ডেস্ক