জাকসু নির্বাচন নিয়ে অভিযোগ, অধ্যাপক নাহরিনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জাকসু নির্বাচন নিয়ে অভিযোগ, অধ্যাপক নাহরিনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
জাকসু নির্বাচন নিয়ে অভিযোগ, অধ্যাপক নাহরিনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছবির ক্যাপশন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করার অভিযোগ তুলে আলোচনায় এসেছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খান। তবে তার এই অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাকসু নেতারা। একইসঙ্গে অধ্যাপক নাহরিনকে ৪৮ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহারের আলটিমেটামও দেওয়া হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু ও জিএস মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে অধ্যাপক নাহরিন ইসলাম খান দাবি করেছেন যে, জাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।

তার বক্তব্যের পক্ষে যুক্তি হিসেবে অধ্যাপক নাহরিন দাবি করেন, নির্বাচনের সময় ব্যালটের মুড়িবই ছিল না, ব্যালটে নম্বর ছিল না এবং ভোটারদের হাতে অমোচনীয় কালি দেওয়া হয়নি। তবে জাকসু নেতৃত্ব বলছে, এসব দাবি সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচনের সময় পাঁচ শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। তারা কোথাও জালিয়াতির অভিযোগের সত্যতা পাননি। বরং নির্বাচনে একটি নির্দিষ্ট দলকে জেতাতে ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশ, অরাজকতা সৃষ্টি এবং অপতৎপরতার অভিযোগ গণমাধ্যমে উঠে এসেছে এবং ক্যাম্পাসসহ সারাদেশের মানুষের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে।

জাকসু নেতারা আরও বলেন, দীর্ঘ তিন দশকের বেশি সময় পর অনুষ্ঠিত কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক নাহরিনের এ ধরনের মন্তব্য শিক্ষার্থীদের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের প্রতি অবমূল্যায়নের শামিল। কোনো তথ্য-প্রমাণ ছাড়াই নির্বাচন নিয়ে এমন বক্তব্য একজন শিক্ষকের কাছ থেকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেন তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে অধ্যাপক নাহরিন ইসলাম খানকে অবিলম্বে তার ‘মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য’ প্রত্যাহারের আহ্বান জানানো হয়। পাশাপাশি বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আচরণবিধি মানতে রিটার্নিং কর্মকর্তাদের কড়া নির্দেশনা দিল ইসি

আচরণবিধি মানতে রিটার্নিং কর্মকর্তাদের কড়া নির্দেশনা দিল ইসি