শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করছি: শফিকুর রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করছি: শফিকুর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করছি: শফিকুর রহমান ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ভোটগ্রহণ সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, তা মেনে নেওয়ার পাশাপাশি সবাইকে ফল মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-২ (মিরপুর-২) আসনের মনিপুর বয়েজ হাই স্কুল ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

ভোট দেওয়ার পর তিনি বলেন, দীর্ঘদিন দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। আমি নিজেও ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে কারাবন্দি থাকার কারণে ভোট দিতে পারিনি। আজ আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা আমাদের ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আশা করি এবারের নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু, সন্ত্রাসমুক্ত এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, এই ভোটের মাধ্যমে যে সরকার গঠিত হবে, তা কোনো ব্যক্তি, পরিবার কিংবা নির্দিষ্ট দলের সরকার হবে না। বরং এটি হবে ১৮ কোটি মানুষের জনগণের সরকার। দেশের সার্বিক উন্নয়নে সবাইকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম জনগণকে সচেতন করছে। ছোটখাটো বিষয়গুলোতে ছাড় দেওয়া হবে, তবে বড় কোনো সমস্যা দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সারা দেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এদিন ২৯৯টি সংসদীয় আসনে ভোট নেওয়া হচ্ছে। ভোটের জন্য সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে মোট ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে।

এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবং মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুতে ওই আসনের ভোট স্থগিত করা হয়েছে।

দেশব্যাপী ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন ৯ লাখ ১৯ হাজার ৩৫০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পাশাপাশি ৬৫৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
চাঁদপুরে গণভোটে ‘না’ ভোটের আহ্বান সুন্নী জোট প্রার্থীর

চাঁদপুরে গণভোটে ‘না’ ভোটের আহ্বান সুন্নী জোট প্রার্থীর