ভারতে ধস-প্লাবনে বিপর্যস্ত জনজীবন, এক দিনেই ১০ জনের মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারতে ধস-প্লাবনে বিপর্যস্ত জনজীবন, এক দিনেই ১০ জনের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2026 ইং
ভারতে ধস-প্লাবনে বিপর্যস্ত জনজীবন, এক দিনেই ১০ জনের মৃত্যু ছবির ক্যাপশন:

টানা ভারী বর্ষণ, ভূমিধস ও আকস্মিক প্লাবনে ভারতের বিভিন্ন অঞ্চল ভয়াবহ দুর্যোগের মুখে পড়েছে। শুধু বৃহস্পতিবারই বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশের উত্তর, পশ্চিম ও দক্ষিণাঞ্চলে একযোগে বৃষ্টির তাণ্ডবে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ব্যবস্থা এবং স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

রাজধানী দিল্লিতে অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। উত্তর-পূর্ব দিল্লির তুখমিরপুরে ১৬০ মিলিমিটার এবং ময়ূর বিহারে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝোড়ো বাতাসে বহু গাছ উপড়ে পড়ে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘ সময় বিদ্যুৎহীন ছিল অনেক এলাকা। জলমগ্ন সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, শনিবার পর্যন্ত বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

উত্তরাখণ্ডে অলকানন্দা ও মন্দাকিনী নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। ভূমিধসের কারণে গঙ্গোত্রী জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় চারধাম যাত্রা ব্যাহত হয়েছে। একইভাবে হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির কারণে অন্তত ৭৫টি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। উত্তরপ্রদেশে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রপাত ও দেয়াল ধসের ঘটনায় সেখানে এক শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির অবনতির কারণে রুদ্রপ্রয়াগ, গাজিয়াবাদ ও মিরাটসহ কয়েকটি জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

পশ্চিম ভারতের মহারাষ্ট্র ও গুজরাটেও বৃষ্টির তীব্রতা বেড়েছে। মুম্বাইয়ের কোলাবা ও সান্তাক্রুজ এলাকায় স্বাভাবিকের তুলনায় ৮০ থেকে ৯৪ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কারজাট-লোনাভলা ঘাট এলাকায় ভূমিধসের কারণে মুম্বাই, পুনে ও হায়দরাবাদগামী প্রায় ১৮টি ট্রেন বাতিল করেছে সেন্ট্রাল রেলওয়ে। রাজ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, ১ জুন থেকে এখন পর্যন্ত মহারাষ্ট্রে বৃষ্টিজনিত দুর্ঘটনায় ৬২ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে গুজরাটের সুরাতে গত ২৪ ঘণ্টায় ৩৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে শহরের বড় একটি অংশ পানির নিচে তলিয়ে যায়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও দমকল কর্মীরা নৌকার মাধ্যমে ছয় হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছেন।

দক্ষিণ ভারতের কেরালাতেও পরিস্থিতি উদ্বেগজনক। ওয়েনাদ এলাকায় ভূমিধসে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। নিখোঁজদের উদ্ধারে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, আগামী কয়েক দিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট