বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে আগামী ২ এপ্রিল দুই দিনের সফরে ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং। নতুন সরকার গঠনের পর এটি হবে বেইজিং থেকে ঢাকায় চীনের উচ্চপর্যায়ের প্রথম সরকারি সফর।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও চীনের ১৪তম পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে তিনি এই সফরে আসছেন।
এই বৈঠকে চীনের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন ভাইস মিনিস্টার সুন ওয়েইডং। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার কূটনৈতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা নিয়ে বিস্তৃত পর্যালোচনা করা হবে।
এছাড়া পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ানোর নতুন সুযোগ ও সম্ভাবনাগুলো নিয়েও আলোচনা হতে পারে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এই বৈঠকে সুন ওয়েইডংয়ের সম্ভাব্য ঢাকা সফর নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করছেন, এই সফর বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
বিশেষ করে বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ খাতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
ঢাকা সফরকালে সুন ওয়েইডং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
তিনি সম্ভবত বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবেন।
বাংলাদেশ ও চীনের সম্পর্ক দীর্ঘদিনের এবং বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হতে পারে এবং ভবিষ্যতে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
কসমিক ডেস্ক