৪০ হাজার মানুষের চাওয়া-পাওয়া পৌঁছেছে প্রধান উপদেষ্টার কাছে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৪০ হাজার মানুষের চাওয়া-পাওয়া পৌঁছেছে প্রধান উপদেষ্টার কাছে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
৪০ হাজার মানুষের চাওয়া-পাওয়া পৌঁছেছে প্রধান উপদেষ্টার কাছে ছবির ক্যাপশন:

দেশের মানুষের আশা, ক্ষোভ, দাবি ও স্বপ্নের এক বিশাল সংগ্রহ এখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দপ্তরে। দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ কোনো রাখঢাক না রেখে সরাসরি তাদের মতামত জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। মোট ৪০ হাজার ২০৬টি হাতে লেখা মন্তব্য জমা পড়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, ‘দেশের চাবি, আপনার হাতে’—এই স্লোগান সামনে রেখে ১৩তম সাধারণ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ গণভোট উপলক্ষে দেশজুড়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এই কর্মসূচির অংশ হিসেবে ভোটের গাড়ির সঙ্গে সংযুক্ত ছিল একটি বিশেষ জনমত বাক্স, যেখানে মানুষ তাদের মনের কথা লিখে জমা দেন।

বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগ থেকে এসেছে ১০ হাজার ২১৬টি মন্তব্য, চট্টগ্রাম থেকে ৬ হাজার ৬টি, রাজশাহী থেকে ৫ হাজার ৭৩৮টি, খুলনা থেকে ৪ হাজার ৬৭৮টি, রংপুর থেকে ৩ হাজার ৬০৫টি, বরিশাল থেকে ২ হাজার ১২৪টি, ময়মনসিংহ থেকে ১ হাজার ৭৯৯টি এবং সিলেট থেকে ১ হাজার ৬৫১টি মন্তব্য। ভোটের গাড়ি দেশের ইউনিয়ন, উপজেলা ও জেলা সদর ছাড়াও প্রত্যন্ত অঞ্চলের প্রায় ২ হাজার ১৬৯টি স্থানে গিয়ে এই প্রচারণা চালায়।

চিঠিগুলোতে কেউ জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার চেয়েছেন, কেউ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা জানিয়েছেন। আবার কেউ বাজার নিয়ন্ত্রণ, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি, নারী ও শিশু অধিকার, সংখ্যালঘু নিরাপত্তা এবং বাক্‌স্বাধীনতার দাবি তুলে ধরেছেন। অনেকেই ব্যক্তিগত দুঃখ-কষ্ট ও দৈনন্দিন জীবনের সংকটের কথাও অকপটে লিখেছেন।

গাজীপুরের ১০ বছর বয়সী রাফা তার চিঠিতে নিরাপদ পরিবেশে বেঁচে থাকার ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্নের কথা লিখেছে। কুমিল্লার দেওয়ান সালাহউদ্দিন সুষ্ঠু ভোটের নিশ্চয়তা চেয়েছেন। চট্টগ্রামের গোলাম রাব্বানি চাকরিজীবীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি তুলেছেন। ঠাকুরগাঁও থেকে আসা এক চিঠিতে বাজার সিন্ডিকেট ও নিত্যপণ্যের দামের চাপের কথা উল্লেখ করা হয়েছে। বরিশাল, পিরোজপুর ও দিনাজপুর থেকেও শিক্ষা, মানবাধিকার, ধর্মীয় সম্প্রীতি এবং রাষ্ট্র সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ মতামত এসেছে।

এসব চিঠি পড়ে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, জনগণের এমন অকৃত্রিম ভালোবাসা ও বিশ্বাস অমূল্য সম্পদ। তিনি কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই সব প্রশংসা, মন্তব্য, পরামর্শ এবং সমালোচনাও সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শিক্ষাবর্ষের এক মাস পরও বাকি ৩০ লাখ পাঠ্যবই

শিক্ষাবর্ষের এক মাস পরও বাকি ৩০ লাখ পাঠ্যবই