বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন Google–এর ওপর নতুন নিয়ন্ত্রণমূলক নির্দেশনা জারি করেছে যুক্তরাজ্য। দেশটির প্রতিযোগিতা ও বাজার নিয়ন্ত্রক সংস্থা Competition and Markets Authority (CMA) গুগলকে সার্চ ফলাফলের র্যাঙ্কিং প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সিএমএ জানায়, গুগলকে তাদের সার্চ ফলাফল কীভাবে র্যাঙ্ক করা হয়, সে বিষয়ে ব্যবহারকারী ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য আরও পরিষ্কার তথ্য প্রদান করতে হবে। পাশাপাশি ব্যবহারকারীরা যাতে তাদের সার্চ-সংক্রান্ত ডেটা অনুমোদিত তৃতীয় পক্ষের কাছে স্থানান্তর করতে পারেন, সেই সুবিধাও নিশ্চিত করতে হবে।
নিয়ন্ত্রক সংস্থাটি গুগলের সার্চ বাজারে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গুগলকে ‘স্ট্র্যাটেজিক মার্কেট স্ট্যাটাস’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ফলে কোম্পানিটির ওপর বিশেষ ধরনের বিধিনিষেধ ও স্বচ্ছতাসংক্রান্ত নিয়ম প্রয়োগ করা সম্ভব হবে।
সিএমএর ডিজিটাল মার্কেটস বিভাগের নির্বাহী পরিচালক উইল হেইটার বলেন, নতুন পদক্ষেপগুলোর লক্ষ্য হলো সার্চ ফলাফলকে ন্যায্য ও বস্তুনিষ্ঠভাবে র্যাঙ্ক করা হচ্ছে কি না তা নিশ্চিত করা। একই সঙ্গে ব্যবহারকারীরা যেন পরিবর্তন সম্পর্কে স্পষ্ট ধারণা পান এবং প্রয়োজনে অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা থাকে—সেটিও নিশ্চিত করা হবে।
এর আগে চলতি মাসের শুরুতেও গুগলের জন্য নতুন আচরণগত নির্দেশনা ঘোষণা করেছিল সিএমএ। সেই নির্দেশনার আওতায় প্রকাশকরা চাইলে তাদের কনটেন্ট গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) ফিচারগুলোর প্রশিক্ষণ বা ব্যবহারের জন্য না দেওয়ার সুযোগ পাবেন।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর নিয়ন্ত্রক নজরদারি আরও জোরদার করার একটি অংশ। এতে করে ডিজিটাল বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং ছোট ব্যবসাগুলোও সমান সুযোগ পেতে পারে।
নতুন এই নির্দেশনার ফলে গুগলের ব্যবসায়িক কার্যক্রম ও অ্যালগরিদম পরিচালনায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কসমিক ডেস্ক