রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল–এর লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ এ রিট আবেদন করেন।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রিট দায়েরের সঙ্গে তাদের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। প্রতিষ্ঠানটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বিষয়টি স্পষ্ট করেন।
এর আগে গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়। সিদ্ধান্তটি নেওয়া হয় ২৭ মে হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, দ্য মেডিক্যাল প্র্যাক্টিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স–১৯৮২-এর ১১(১) ধারা অনুযায়ী গঠিত কমিটির সুপারিশ অনুসারে নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একই আইনের ১২ ধারা অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ ৩০ দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বা পুনর্বিবেচনার আবেদন করতে পারবে।
এ ঘটনায় হাসপাতালটির কার্যক্রম, লাইসেন্স প্রক্রিয়া এবং চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি এখন বিচারিক প্রক্রিয়ায় গড়িয়েছে, ফলে পরবর্তী সিদ্ধান্ত আদালতের ওপর নির্ভর করছে।
কসমিক ডেস্ক