ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে পাবেল নামের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। রোববার (৮ মার্চ) মধ্যরাতে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা তাকে মারধর করার পর শাহবাগ থানায় সোপর্দ করেন। আহত শিক্ষার্থীকে পরে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
পাবেল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের ছাত্র। জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা অভিযোগ করেন, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, পাবেল তখন ক্যাম্পাসে কয়েকজন জুনিয়র শিক্ষার্থীকে নিয়ে বুয়েট ক্যান্টিনে খাবার খাওয়াচ্ছিলেন এবং তাদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন। এ সময় সাধারণ সম্পাদক সাইফুল্লাহ, হাছিবুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা তাকে চিনতে পেরে আটক করেন।
শাহবাগ থানার সূত্র জানায়, শিক্ষার্থীরা তাকে থানায় নিয়ে আসে। আহত হওয়ার কারণে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে তাকে আবার থানায় আনা হবে। তবে তাকে আনুষ্ঠানিকভাবে আটক করা হয়েছে কি না বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনও নির্ধারিত হয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বর্তমানে থানায় না থাকায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, তিনি ঘটনাটির বিষয়ে অবগত আছেন। তবে কী ব্যবস্থা নেওয়া হবে তা পুলিশই দেখবে। তিনি বলেন, ‘যদি শিক্ষার্থী কোনো মামলার আসামি হন বা অপরাধে জড়িত থাকেন, তাহলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও থানার সঙ্গে কোনো আলোচনা হয়নি।’
কসমিক ডেস্ক