নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ভোটারদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ওই দিন ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে না; বরং স্বাভাবিক কর্মদিবসের মতোই ট্রেন চলবে।

ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভোটের জন্য ঘোষিত ছুটির দিনগুলোতেও মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে। তবে নিরাপত্তার স্বার্থে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে অবস্থিত, সেসব গেট সাময়িকভাবে বন্ধ রাখা হবে। অন্য গেটগুলো দিয়ে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার সুযোগ থাকবে।

এদিকে নির্বাচনকালীন সময়ে মেট্রোরেল পরিচালনা নির্বিঘ্ন রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট দপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে ২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমিন মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

এই নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

তবে জরুরি প্রয়োজনে ও নির্বাচন সংশ্লিষ্ট কাজে এসব বিধিনিষেধের ক্ষেত্রে প্রয়োজনীয় শিথিলতা রাখা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকার গঠন করলে বরিশাল–ভোলা সেতু নির্মাণ করা হবে—তারেক রহমান

সরকার গঠন করলে বরিশাল–ভোলা সেতু নির্মাণ করা হবে—তারেক রহমান