জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ছবির ক্যাপশন: সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে রায় জালিয়াতি, হত্যাসহ চারটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৮ মার্চ) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত বছরের ২৬ অক্টোবর হত্যা, রায় জালিয়াতি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাসহ মোট পাঁচটি মামলায় খায়রুল হককে কেন জামিন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ।

জানা যায়, গত বছরের ২৪ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

পরে ওই দিন রাতেই জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ী এলাকায় যুবদলের কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এ বি এম খায়রুল হক ২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

তার নেতৃত্বাধীন আপিল বিভাগ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে একটি ঐতিহাসিক রায় দেন।

এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অবৈধ ঘোষণা করা হয়।

অবসর গ্রহণের পর ২০১৩ সালের ২৩ জুলাই তাকে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পরে মেয়াদ শেষ হওয়ার পর তাকে একাধিকবার পুনর্নিয়োগ দেওয়া হয়।

তবে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট আইন কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন খায়রুল হক।

এরপর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়।

দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে ২০২৪ সালের ২৭ আগস্ট শাহবাগ থানায় একটি মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন।

এর আগে ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরেকটি মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া।

সেই মামলায় সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ আনা হয়।

বর্তমানে এসব মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনী লড়াইয়ে তারেক রহমান: লড়বেন ঢাকা ও বগুড়ার দুটি আসনে

নির্বাচনী লড়াইয়ে তারেক রহমান: লড়বেন ঢাকা ও বগুড়ার দুটি আসনে