ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের বণ্টন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। সংসদে নারীর অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এসব আসনে দলীয় মনোনয়ন নিয়ে বিভিন্ন পর্যায়ে জল্পনা–কল্পনা দেখা যাচ্ছে।
নির্বাচন কমিশনের তফশিল ঘোষণার পর দলগুলোর পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বিতরণ করা হবে। নির্বাচনে প্রাপ্ত আসনের অনুপাতে জাতীয়তাবাদী দল সংরক্ষিত নারী আসনের বড় একটি অংশ পেতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। এ পরিস্থিতিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেত্রীরা মনোনয়ন পাওয়ার আশায় তৎপরতা চালাচ্ছেন।
সিলেট অঞ্চলে সংরক্ষিত নারী আসনকে ঘিরে যে কজন সম্ভাব্য নাম আলোচনায় এসেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি নাম সৈয়দা আদিবা হোসেন। তিনি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেনের কন্যা। স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে ইতোমধ্যে তরুণ প্রজন্মসহ অনেকের কাছে তিনি পরিচিত মুখ হয়ে উঠেছেন।
গত জাতীয় নির্বাচনের সময় তিনি নিজের প্রার্থিতা ঘোষণা করে দল ঘোষিত রাষ্ট্র সংস্কারের বিভিন্ন প্রস্তাব নিয়ে এলাকায় প্রচারণা চালান। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, মতবিনিময় সভা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় উপস্থিতি জানান দেন। তৃণমূল নেতাকর্মীদের মাঝেও তাকে ঘিরে ইতিবাচক সাড়া দেখা যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়।
দলীয় সূত্রে জানা যায়, গত নির্বাচনে তিনি দলের মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। তবে শেষ পর্যন্ত দল অন্য প্রার্থীকে মনোনয়ন দিলে তিনি দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেন এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন।
শিক্ষাগত দিক থেকেও তিনি উচ্চশিক্ষিত। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সামাজিক ও শিক্ষামূলক বিভিন্ন উদ্যোগের সঙ্গেও যুক্ত রয়েছেন। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে তার পরিবারের উদ্যোগে প্রতিষ্ঠিত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমেও তিনি সহযোগিতা করছেন।
এ ছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রমে কাজ করা একটি ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে এবং নারীদের সহায়তামূলক একটি সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।
সৈয়দা আদিবা হোসেন বলেন, পরিবারের কাছ থেকেই মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা পেয়েছেন তিনি। সুযোগ পেলে মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই রাজনীতিতে সক্রিয় রয়েছেন। ভবিষ্যতেও দেশের উন্নয়ন ও মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে যেতে চান বলে তিনি জানান।
কসমিক ডেস্ক