নির্বাচন ঘিরে বাহিনীর ভূমিকার প্রশংসা জেনারেল ওয়াকারের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচন ঘিরে বাহিনীর ভূমিকার প্রশংসা জেনারেল ওয়াকারের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 16, 2026 ইং
নির্বাচন ঘিরে বাহিনীর ভূমিকার প্রশংসা জেনারেল ওয়াকারের ছবির ক্যাপশন:

দায়িত্বশীলতা ও দক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করায় বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, সৈনিকদের দায়িত্বশীলতার কারণেই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে এবং এর ফল ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে।

রোববার সেনা সদরে সেনাপ্রধানের দরবার অনুষ্ঠিত হয়। এতে তিনি সব সদস্যের উদ্দেশে বক্তব্য দেন। ঢাকার বাইরে অবস্থানরত এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সদস্যরাও ভিডিও টেলি কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে দরবারে যুক্ত হন।

দরবারে অংশ নেওয়া একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সেনাপ্রধান সদ্যসমাপ্ত নির্বাচনকে “গ্রহণযোগ্য ও সুষ্ঠু” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ফলাফলও ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়েছে এবং এটি সম্ভব হয়েছে সৈনিকদের দায়িত্বশীল ও দক্ষ ভূমিকার কারণে।

একজন সেনা কর্মকর্তা জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের জন্য বাহিনীর সব পর্যায়ের সদস্যদের ধন্যবাদ জানাতেই এ দরবারের আয়োজন করা হয়। বক্তব্যে সেনাপ্রধান নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের চমৎকার দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং কর্মকর্তা ও সৈনিকদের অক্লান্ত পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা জানান।

অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশে স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশ ও জনগণ এ সেবাকে মনে রাখবে। বক্তব্যে তিনি কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন।

তিনি আরও বলেন, উল্লেখযোগ্য কষ্ট সহ্য করার পর নির্বাচন সম্পন্ন হয়েছে এবং ফলাফল সবাই গ্রহণ করেছে। এত কষ্টের পর সাফল্য অর্জন সম্ভব হয়েছে এবং বাহিনীর সদস্যদের কারণেই এই অর্জন এসেছে বলে উল্লেখ করেন তিনি।

সেনাপ্রধান সেনাসদস্যদের ধর্মীয় মূল্যবোধ ধারণ ও সুশৃঙ্খল জীবনযাপনে উৎসাহ দেন। দরবার সূত্রে জানা গেছে, সেনাসদস্যরা কবে ব্যারাকে ফিরবেন, তা সরকারের সিদ্ধান্ত ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করবে এবং এতে কিছু সময় লাগতে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। নির্বাচনকালীন সময় ও পরবর্তী সময়ে দেশজুড়ে বড় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি বলেও দরবারে উল্লেখ করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচনী প্রচার ঘিরে পাবনায় বিএনপি-জামায়াত হট্টগোল

নির্বাচনী প্রচার ঘিরে পাবনায় বিএনপি-জামায়াত হট্টগোল