নাটোরের গুরুদাসপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরিফের অবয়ব বিকৃত করে ছবি প্রকাশের অভিযোগে শিমুল কর্মকার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দুপুরে আদালত এলাকার পাশে অবস্থান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৪ জুলাই) রাতে অভিযুক্তের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা শরিফের বিকৃত অবয়বসংবলিত কয়েকটি ছবি পোস্ট করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
পরদিন বিক্ষুব্ধ স্থানীয়রা গুরুদাসপুর থানার সামনে জড়ো হয়ে অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে মৌলানা জামিল আহমেদ বাদী হয়ে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযুক্ত শিমুল কর্মকার গুরুদাসপুর পৌর এলাকার কর্মকারপাড়া মহল্লার নবীন কর্মকারের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বর্তমানে তিনি পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করতেন। অভিযোগ প্রকাশ্যে আসার পর তার গ্রামের বাড়ি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।
ঘটনার বিষয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতা মাধব চন্দ্র সাহাসহ অন্যান্য নেতারা বলেন, কোনো ধর্মীয় বিশ্বাস বা অনুভূতিতে আঘাত করা গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনজুরুল আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং কোনো পক্ষ যেন পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন।
কসমিক ডেস্ক