বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করতে বিশেষ রেজিস্ট্রেশন সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই ব্যবস্থার আওতায় প্রবাসী করদাতারা মোবাইল ফোনে ওটিপি (OTP) না পেয়ে যে সমস্যায় পড়তেন, তা থেকে মুক্তি পাবেন। এখন থেকে মোবাইল নম্বরের পরিবর্তে করদাতার নিজস্ব ই-মেইল ঠিকানায় ওটিপি পাঠিয়ে পাসওয়ার্ড রিসেট ও ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
এনবিআর জানায়, অনেক করদাতা বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করলেও বর্তমানে বিদেশে অবস্থান করার কারণে ওই মোবাইল নম্বরে ওটিপি গ্রহণ করতে পারছেন না। এ কারণে তারা রিটার্ন দাখিলে নানা জটিলতার মুখে পড়ছিলেন। বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি ই-মেইল ভেরিফিকেশনভিত্তিক এই বিশেষ সুবিধা চালু করা হয়েছে।
এই সুবিধার মাধ্যমে বিদেশে অবস্থানরত করদাতারা এখন সহজেই তাদের ই-রিটার্ন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এনবিআরের মতে, এতে প্রবাসী করদাতাদের সময় ও ভোগান্তি দুইই কমবে এবং কর প্রদানের হার বাড়বে।
যেভাবে আবেদন করবেন
এনবিআরের বিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়া বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। বিদেশে অবস্থানরত করদাতাকে তার নিজস্ব ই-মেইল আইডি থেকে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় আবেদন পাঠাতে হবে।
আবেদনের সঙ্গে করদাতাকে কয়েকটি গুরুত্বপূর্ণ নথির কপি সংযুক্ত করতে হবে। এগুলো হলো—
পাসপোর্টের কপি
জাতীয় পরিচয়পত্রের কপি
ভিসা পেজের কপি
বিদেশে অবস্থানরত বর্তমান ঠিকানা
বিদেশে ব্যবহৃত মোবাইল বা ফোন নম্বর
সর্বশেষ বাংলাদেশ ত্যাগের তারিখ
এনবিআর আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই করবে। যাচাই সম্পন্ন হলে করদাতার ই-মেইল ঠিকানা ভেরিফাই করা হবে। এরপর ভেরিফায়েড ই-মেইলে পাঠানো ওটিপি ব্যবহার করে করদাতা পাসওয়ার্ড রিসেট, নতুন করে রেজিস্ট্রেশন এবং ই-রিটার্ন দাখিলসহ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
এনবিআর বলছে, অনলাইনে ই-রিটার্ন দাখিল পদ্ধতি সহজ হওয়ায় করদাতাদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। এরই মধ্যে ২০২৫–২৬ করবর্ষে প্রায় ৩৯ লাখ আয়কর রিটার্ন অনলাইনে জমা পড়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, ডিজিটাল পদ্ধতিতে কর ব্যবস্থাপনা সহজ করার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে ই-রিটার্ন সিস্টেমকে আরও ব্যবহারবান্ধব করতে নতুন ফিচার যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
এনবিআর সব ব্যক্তি করদাতাকে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করার আহ্বান জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে জরিমানা ও আইনি জটিলতা এড়ানো সম্ভব হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।