ফরিদপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব হায়দার মোল্যা (২৭) দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়কের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও নিশ্চিত করেছেন তিনি।
ফেসবুক পোস্টে হায়দার মোল্যা উল্লেখ করেন, ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক কারণ বিবেচনায় তিনি স্বেচ্ছায় এবং সুস্থ চিন্তাভাবনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে তিনি সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক কার্যক্রমে যুক্ত থাকবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেও জানান।
পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘আমি হায়দার মোল্যা, ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।’ পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি ব্যক্তিগতভাবে যোগাযোগ না করার অনুরোধও জানান। তার এই ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন আলোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে ফরিদপুর জেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, তিনি পদত্যাগপত্রের কপি পেয়েছেন এবং তা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় যেকোনো ব্যক্তি তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন করতে পারেন। কেউ চাইলে দল ত্যাগ করতে পারেন বা অন্য কোনো রাজনৈতিক ধারায় যুক্ত হতে পারেন—এটি গণতান্ত্রিক সংস্কৃতির অংশ বলেও মন্তব্য করেন তিনি।
কসমিক ডেস্ক