ফরিদপুর-২ আসনে ১৯ দফা উন্নয়ন পরিকল্পনা দিলেন শামা ওবায়েদ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফরিদপুর-২ আসনে ১৯ দফা উন্নয়ন পরিকল্পনা দিলেন শামা ওবায়েদ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
ফরিদপুর-২ আসনে ১৯ দফা উন্নয়ন পরিকল্পনা দিলেন শামা ওবায়েদ ছবির ক্যাপশন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু উন্নয়নভিত্তিক নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতের আলোকে প্রণীত এই ইশতেহারে মোট ১৯টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামে নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন শামা ওবায়েদ ইসলাম। লিখিত ইশতেহার পাঠকালে তিনি বলেন, সালথা ও নগরকান্দা উপজেলার জন্য পৃথক দুটি পরিকল্পনাভিত্তিক মাস্টারপ্ল্যান প্রণয়ন করে তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি উভয় উপজেলার প্রতিটি গ্রামকে ধাপে ধাপে আদর্শ গ্রামে রূপান্তর করার পরিকল্পনার কথাও জানান তিনি।

ইশতেহারে গ্রাম উন্নয়নের অংশ হিসেবে পরিকল্পিত বসতি, নিরাপদ সড়ক, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, সবুজায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কর্মসংস্থান বাড়াতে প্রতিটি বাজার এলাকায় পাট প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের ঘোষণা দেন তিনি। এতে বেকার নারী ও যুবকদের ৫০ শতাংশের বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে দাবি করেন তিনি। এছাড়া বিদ্যমান অপরিকল্পিত ৪০টি বাজার পুনঃনকশা করে আধুনিক ও টেকসই বাজার ব্যবস্থাপনা গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন শামা ওবায়েদ।

তিনি বলেন, পাটনির্ভর কুটির শিল্প সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ নারী ও যুবকদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পারিবারিক কুটির শিল্পে প্রণোদনা দিয়ে ঘরে ঘরে শিল্প স্থাপনে উৎসাহ দেওয়া হবে। একই সঙ্গে মসজিদ-মাদ্রাসা, মন্দিরসহ ধর্মীয় ও সামাজিক অবকাঠামো আধুনিকায়নের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

প্রযুক্তি ও যুব উন্নয়নের অংশ হিসেবে ইলেকট্রনিকভিত্তিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ উদ্যোক্তা তৈরির পরিকল্পনার কথা জানান বিএনপি প্রার্থী। তরুণদের জন্য সহজ শর্তে ঋণের সুবিধাসহ ২০ হাজার কম্পিউটার বিতরণের ঘোষণাও রয়েছে ইশতেহারে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর ও রপ্তানিমুখী শিল্পকারখানা স্থাপন করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

কৃষি খাতে স্থানীয় কৃষকদের বিনা মূল্যে আধুনিক কৃষি প্রযুক্তি সহায়তা এবং গবেষণালব্ধ জ্ঞান প্রয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। খামারিদের জন্য আধুনিক খামার ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সহায়তা প্রদান এবং কৃষিপণ্যের সংরক্ষণ ও বিপণনের জন্য সুসংগঠিত ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতিও রয়েছে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সালথা উপজেলার ৩৫০ কিলোমিটার এবং নগরকান্দা উপজেলার ৫৩৮ কিলোমিটার সড়ক পুনঃসংস্কার ও আধুনিকায়নের পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি সালথায় ৫৪ কিলোমিটার ও নগরকান্দায় ৩৩৯ কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণের কথাও উল্লেখ করা হয়। এছাড়া দুই উপজেলায় নতুন করে ৮০ থেকে ১০০ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

পরিবেশ রক্ষায় কুমার নদীসংলগ্ন উপনদী, খাল, বিল ও জলাশয় পুনরুদ্ধার ও পুনঃখননের মাধ্যমে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি পারিবারিক বাগান, সড়কের পাশে এবং প্রকল্পভিত্তিক বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বাড়িয়ে তাপমাত্রা হ্রাস ও পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

পরিচ্ছন্ন ও বাসযোগ্য জনপদ গড়তে গ্রাম, শহর ও নগর এলাকায় সমন্বিত পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন এবং বাজারভিত্তিক পাবলিক টয়লেট স্থাপনের কথাও ইশতেহারে উল্লেখ রয়েছে।

শিক্ষা খাতে সালথা ও নগরকান্দায় বিদ্যমান ৩১০টি স্কুল, ১টি কলেজ ও ২৪টি মাদ্রাসা আধুনিকায়ন এবং নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন করার অঙ্গীকার করা হয়েছে। শিশু-বান্ধব বিদ্যালয়, আইসিটিভিত্তিক শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন নিশ্চিত করার কথাও বলা হয়।

স্বাস্থ্য খাতে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণ, প্রয়োজন অনুযায়ী নার্সিং প্রশিক্ষণ ও নার্স প্র্যাকটিশনার নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। উপজেলা পর্যায়ে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ এবং বিদ্যমান ক্লিনিকগুলোর সক্ষমতা বৃদ্ধি করে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন শামা ওবায়েদ। প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য বিশেষ শিক্ষা ও স্বাস্থ্যসেবার ব্যবস্থার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

ইশতেহারে যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ, ক্রীড়া সুবিধা ও প্রশিক্ষণ কার্যক্রম চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি নারী সমাজের শিক্ষা, নিরাপত্তা ও সামাজিক সমস্যার সমাধানে সালথা ও নগরকান্দায় দুটি বিশেষ সেল গঠনের কথা জানান তিনি, যেখানে নারী আইনজীবী ও মানবাধিকার কর্মীরা যুক্ত থাকবেন।

এছাড়া প্রবাসীদের সমস্যা সমাধানে সহায়তা, প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ছেলে-মেয়েদের জন্য লাইব্রেরি স্থাপন, শতভাগ বিদ্যুৎ ও সোলার বিদ্যুৎ সংযোগ নিশ্চিতকরণসহ বিভিন্ন প্রতিশ্রুতি ইশতেহারে তুলে ধরা হয়েছে।A


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাসকাটে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, অনিশ্চয়তার ছায়া+

মাসকাটে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, অনিশ্চয়তার ছায়া+