ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে সরকার গঠনের জন্য দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
এই নির্বাচনের ফলাফলের পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বার্তা দিয়ে বিজয়কে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং তারেক রহমানকে অভিনন্দন জানান।
জারদারি বার্তায় বলেছেন, “বিএনপির বড় বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন। একই সঙ্গে বাংলাদেশের জনগণকে সফল ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অভিনন্দন।” তিনি আরও বলেন, “গণতান্ত্রিক অংশীদারত্ব ও যৌথ অগ্রগতির লক্ষ্যে পাকিস্তান তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।”
অন্যদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বার্তায় বিএনপিকে জয়লাভের জন্য অভিনন্দন জানিয়ে বাংলাদেশের জনগণকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, “আমি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি, যাতে দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হয়। এছাড়া দক্ষিণ এশিয়া ও এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের যৌথ লক্ষ্য এগিয়ে নেওয়া সম্ভব হবে।”
এই বার্তাগুলো বাংলাদেশের নতুন সরকার এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
কসমিক ডেস্ক