ভূমি সংক্রান্ত নানা জটিলতা ও অনিয়ম দূর করে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই তথ্য জানিয়েছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন করে সাধারণ মানুষকে ঝামেলামুক্ত সেবা নিশ্চিত করা হবে। দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে ঘুরে যে ভোগান্তি মানুষকে সামলাতে হয়েছে, তা কমানোর জন্য সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
মন্ত্রী বলেন, প্রস্তাবিত ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে একজন সেবাপ্রার্থীকে একাধিক দপ্তরে ঘোরাফেরা করতে হবে না। যেখানে তাঁর জমি বা সমস্যা রয়েছে, সেই কেন্দ্রেই আবেদন বা অভিযোগ জানাতে পারবে এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হবে। এতে পাঁচ-ছয়টি ধাপ অতিক্রম করার দরকার পড়বে না এবং হয়রানির সুযোগও কমে যাবে।
তিনি আরও জানান, ভূমি মন্ত্রণালয় বিভিন্ন আইন ও বিধিমালার মাধ্যমে পরিচালিত হয়। কিছু ক্ষেত্রে সময়োপযোগী সংশোধনের প্রয়োজন রয়েছে, যা জাতীয় সংসদে প্রস্তাব আকারে উপস্থাপন করা হবে।
এছাড়াও রাজশাহীর সার্বিক উন্নয়নের বিষয়ে মন্ত্রী জানান, নগরের উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। নতুন বিনিয়োগ আকর্ষণ, তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণ, শিল্পায়ন, দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের সহায়তা নিশ্চিত করা হবে।
শুক্রবার সকাল থেকে মন্ত্রী রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেছেন। এ সময় স্থানীয়রা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান।
কসমিক ডেস্ক