দলীয় সিদ্ধান্ত অমান্য করে শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ছাত্রদল দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান, নাটোর জেলা ছাত্রদলের সহসভাপতি মো. এনামুল হক (বিদ্যুৎ), লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মঞ্জু আহমেদ রয়েল ও যুগ্ম আহ্বায়ক মো. সাকিব হাসানকে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে বরিশালের গৌরনদী উপজেলা ও ইউনিয়নের বিএনপির পাঁচ নেতাকেও মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। জেলা উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কসমিক ডেস্ক