কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেছেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে এবং আইন প্রয়োগ কঠোরভাবে নিশ্চিত করা হবে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) ভেড়ামারা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
রাগীব বলেন, “আমরা সাধারণ মানুষের জানমাল ও সম্মান রক্ষায় কোনো আপোষ করব না। আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ এলাকায় মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও নারী নির্যাতন বন্ধ করা সম্ভব হবে।” তিনি ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “ধানের শীষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতীক নয়; এটি গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করার আশা-আকাঙ্ক্ষার প্রতীক। বর্তমান পরিস্থিতিতে দেশে মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন ক্রমবর্ধমান। রাষ্ট্র পরিচালনায় সৎ নেতৃত্ব ও আইনের শাসন প্রতিষ্ঠা করলে পরিস্থিতি বদলানো সম্ভব।”
পথসভায় বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আসলাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, সুপ্রীম কোর্টের আইনজীবি ব্যারিস্টার বুলবুল আবু সাঈদ শামীম, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক ইন্দোনেশিয়া সিটু, বাহাদুরপুর ইউপি বিএনপির সভাপতি বকুল হোসেন, সম্পাদক আসলাম উদ্দিন এবং অন্যান্য নেতৃবৃন্দ। সভার সভাপতিত্ব করেন বুলবুল আহমেদ বুলু এবং সঞ্চালনা করেন শিহাবুল ইসলাম।
কসমিক ডেস্ক