মালয়েশিয়ার সেলাঙ্গর ও সাবাহ রাজ্যে অভিবাসন বিভাগের পৃথক অভিযানে বাংলাদেশিসহ মোট ৭৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমিগ্রেশন বিভাগ এই তথ্য জানিয়েছে।
সেলাঙ্গর রাজ্যের তেলোক পাংলিমা গারাং এলাকার একটি পাম অয়েল বাগানে পরিচালিত অভিযানে ৯ জন বাংলাদেশিসহ ২৪ জনকে আটক করা হয়। অভিযানটি গত বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ইমিগ্রেশন বিভাগের গোয়েন্দা ও বিশেষ শাখা পরিচালনা করে। আটক ব্যক্তিদের মধ্যে চীনা ২ জন, ভারতীয় ২ জন, মিয়ানমার ১০ জন, কম্বোডিয়ার ১ জন এবং বাংলাদেশি ৯ জন ছিলেন। তাদের মধ্যে দুজন বাংলাদেশি ভিসার মেয়াদ অতিবাহিত অবস্থায় ছিলেন এবং বাকিদের কোনো বৈধ নথি ছিল না।
তদন্তে দেখা গেছে, ওই গুদামটি গত ছয় মাস ধরে অনলাইনে অর্ডারকৃত চীনা পণ্য সাধারণ গ্রাহকদের কাছে পাঠানোর জন্য ব্যবহার করা হচ্ছিল। এই কার্যক্রম চালাতে বাগানের ভেতরে নির্জন স্থানে রাখা হতো পণ্য প্রক্রিয়াকরণ ও মোড়কজাত করার কাজে। অভিযানকালে একটি মার্সিডিজ বেঞ্জ গাড়িসহ বাংলাদেশি ও মিয়ানমারি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
অন্যদিকে সাবাহ রাজ্যের কোটা কিনাবালু ও তুয়ারান এলাকায় ২ ও ৩ ফেব্রুয়ারি পরিচালিত ‘অপস কুটিপ’ ও ‘অপস সাপু’ অভিযানে ৬১ জন অভিবাসন কর্মকর্তা ১৭৭ জনকে তল্লাশি করে, যার মধ্যে ৫৩ জন ফিলিপাইনের নাগরিক বৈধ নথি ছাড়া অবস্থান করছিলেন।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত অভিযান জোরদার করা হবে। বর্তমানে মালয়েশিয়ার প্রতিটি রাজ্যে অবৈধভাবে বসবাসরতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
কসমিক ডেস্ক