কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বিগত সরকারের সময়ে কৃষকদের জন্য বরাদ্দ দেওয়া কৃষিযন্ত্র ও বিভিন্ন সহায়তা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিয়েছে এবং অনেক ক্ষেত্রে সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। তিনি এ ধরনের অনিয়মকে কৃষি খাতের জন্য বড় বাধা হিসেবে উল্লেখ করেন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হরিনধরা এলাকায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা কৃষির ওপর নির্ভরশীল। কৃষকদের পরিশ্রমের ফলে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। তবে দীর্ঘদিন ধরে একটি অসাধু সিন্ডিকেট কৃষকদের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করছে। সার, বীজ এবং কীটনাশকের মতো কৃষি উপকরণের দামও অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, কৃষকদের জন্য সরকারের দেওয়া সুবিধা সঠিকভাবে তাদের কাছে পৌঁছানো নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি খাতে স্বচ্ছতা আনতে সরকার কৃষক কার্ড চালু করেছে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই ভর্তুকি ও অন্যান্য সরকারি সুবিধা পাচ্ছেন।
মন্ত্রী জানান, সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থার সংস্কার করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় তিনি আরও ঘোষণা দেন যে, নিমসার সবজি বাজারে একটি আধুনিক সবজি সংরক্ষণাগার (কোল্ড স্টোরেজ) নির্মাণ করা হবে। এর ফলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন এবং বাজারে ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ পাবেন। এতে স্থানীয় কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন। তিনি স্থানীয় কৃষি উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
এই বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। কৃষি খাতে দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হয়, তা নিয়ে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও।
কসমিক ডেস্ক