ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ আসনের ১১৭টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া যায়। প্রাপ্ত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ৩২ হাজার ৯৫৩, যা এই আসনে একটি বড় ব্যবধান হিসেবে বিবেচিত হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ফরিদপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৩২ হাজার ৪১ জন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ করে এ বেসরকারি ফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার পর শামা ওবায়েদের সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে তারা বিজয়ের প্রতিক্রিয়া জানান।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ ফলাফলের মাধ্যমে ফরিদপুর-২ আসনে বিএনপির সাংগঠনিক অবস্থান আরও দৃঢ় হয়েছে। তবে চূড়ান্ত ফলাফল জানতে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।
কসমিক ডেস্ক