নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে রাজধানীর বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্দিষ্ট সড়কে সাধারণ যানবাহন চলাচলে কড়াকড়ি থাকবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক, ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে বঙ্গভবন রোড এবং রাজউক ক্রসিং পর্যন্ত সাধারণ যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
শাপলা চত্বর ও দৈনিক বাংলা মোড় থেকে রাজউক ও গুলিস্তানগামী যাত্রীবাহী বাসগুলোকে বিকল্প পথে দৈনিক বাংলা-ইউবিএল-প্রেস ক্লাব সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। একই সঙ্গে দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে পণ্যবাহী ও বাণিজ্যিক যান চলাচল বন্ধ থাকবে।
মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে আসা যানবাহনকে জিরো পয়েন্টে ইউটার্ন না নিয়ে বিকল্প পথে চলাচলের পরামর্শ দিয়েছে ডিএমপি। যানবাহনগুলো ফুলবাড়িয়া অথবা ইউবিএল ক্রসিং হয়ে নির্ধারিত বিকল্প সড়ক ব্যবহার করতে পারবে।
তবে শপথ অনুষ্ঠানে অংশ নেওয়া আমন্ত্রিত অতিথিদের গাড়ি এসব নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
সাময়িক যানজট ও চলাচলে অসুবিধার জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ডিএমপি নির্ধারিত সময়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
কসমিক ডেস্ক