২০০৭ সালের সুপারহিট চলচ্চিত্র ‘ওয়েলকাম’-এর আইকনিক গান ‘উঁচা লাম্বা কাধ’ নতুন করে ফিরিয়ে আনা হয়েছে আসন্ন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’-এ। দীর্ঘ প্রায় দুই দশক পর গানটির রিমেক সংস্করণ ‘উঁচা লাম্বা কাধ ফরেভার’ প্রকাশিত হলেও তা দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
নতুন সংস্করণে অক্ষয় কুমারের সঙ্গে পর্দায় দেখা গেছে দিশা পাটানিকে। তবে ভক্তদের বড় একটি অংশ মনে করছেন, মূল গানের ক্যাটরিনা কাইফ যে প্রাণবন্ত উপস্থিতি ও ক্যারিশমা তৈরি করেছিলেন, তার ধারেকাছেও পৌঁছাতে পারেননি দিশা।
গানটির সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম মন্ট্রোজ এবং কণ্ঠ দিয়েছেন মূল গায়ক আনন্দ রাজ আনন্দ। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে রেডিটে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেক ভক্তের মন্তব্য, নতুন রিমেকটি মূল ক্লাসিক গানের আবেগ ও আকর্ষণ ধরে রাখতে ব্যর্থ হয়েছে।
একজন ব্যবহারকারী লিখেছেন, ক্যাটরিনার পর্দার উপস্থিতি ছিল অনন্য, যেখানে নতুন ভার্সনে সেই শক্তি একেবারেই অনুপস্থিত। অনেকে প্রশ্ন তুলেছেন, জনপ্রিয় এই গানটির জন্য কেন ক্যাটরিনাকেই আবার ফিরিয়ে আনা হলো না।
সমালোচনার পাশাপাশি অনেকেই এটিকে মূল ক্লাসিক গানের প্রতি অসম্মান বলেও আখ্যা দিয়েছেন।
উল্লেখ্য, ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ হচ্ছে জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’-এর তৃতীয় কিস্তি। আহমেদ খান পরিচালিত এই সিনেমায় অক্ষয় কুমার, সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি ও জ্যাকলিন ফার্নান্দেজসহ ৩০ জনেরও বেশি তারকা রয়েছেন।
তবে মূল ছবির জনপ্রিয় চরিত্র মজনু ভাই (অনিল কাপুর) ও উদয় শেঠি (নানা পাটেকর) এবার এই কিস্তিতে থাকছেন না, যা নিয়ে ভক্তদের মধ্যে আরও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আগামী ২৬ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
কসমিক ডেস্ক