আট বছর পর সিলেটের আকাশে বিদেশি এয়ারলাইনস, শুরু হচ্ছে মাস্কাট ফ্লাইট The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আট বছর পর সিলেটের আকাশে বিদেশি এয়ারলাইনস, শুরু হচ্ছে মাস্কাট ফ্লাইট

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
আট বছর পর সিলেটের আকাশে বিদেশি এয়ারলাইনস, শুরু হচ্ছে মাস্কাট ফ্লাইট ছবির ক্যাপশন:

দীর্ঘ আট বছর পর আবারও বিদেশি এয়ারলাইনসের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালু হতে যাচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আগামী ১ সেপ্টেম্বর থেকে সিলেট-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে ওমানভিত্তিক এয়ারলাইনস সালাম এয়ার। নতুন এই সংযোগ চালু হলে সিলেটের যাত্রীদের আন্তর্জাতিক ভ্রমণে সময় ও খরচ—দুই দিক থেকেই সুবিধা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সিলেট থেকে বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট চলাচলের ইতিহাসে সর্বশেষ ফ্লাই দুবাইয়ের নাম রয়েছে। ২০১৫ সালে ফ্লাই দুবাইয়ের মাধ্যমে সিলেট থেকে বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট চালু হয়েছিল। তবে ২০১৮ সালে সেই সেবা বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় বিদেশি কোনো এয়ারলাইনসের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট ছিল না সিলেট থেকে।

প্রায় আট বছর পর আবারও আন্তর্জাতিক আকাশপথে নতুন সংযোগ পাচ্ছে সিলেট। আগামী সেপ্টেম্বর থেকে সিলেট-মাস্কাট রুটে সপ্তাহে তিন দিন সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে সালাম এয়ার। শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এই রুটে ফ্লাইট চলবে।

সালাম এয়ারের সিলেটের এরিয়া ইনচার্জ সেলিম আল-রাজি জানিয়েছেন, মাস্কাট হবে এই ফ্লাইটের গুরুত্বপূর্ণ হাব। মাস্কাট থেকে এয়ারলাইনসটির ৪০টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালিত হয়। ফলে সিলেটের যাত্রীরা সরাসরি মাস্কাটে যাওয়ার পাশাপাশি সেখান থেকে অন্যান্য গন্তব্যে যাওয়ার সুযোগও পাবেন।

নতুন এই ফ্লাইটকে সিলেটের আন্তর্জাতিক যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমেদের মতে, সিলেট-মাস্কাট রুট সফলভাবে পরিচালিত হলে ভবিষ্যতে ইউরোপ, আমেরিকা কিংবা কানাডার এয়ারলাইনসের জন্যও সিলেটে ফ্লাইট পরিচালনার সুযোগ তৈরি হতে পারে।

নতুন ফ্লাইট চালুর জন্য প্রস্তুত রয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও। বিমানবন্দর পরিচালক হাফিজ আহমদ জানিয়েছেন, সিলেট থেকে বর্তমানে লন্ডন ফ্লাইট পরিচালিত হওয়ায় আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও কার্যক্রম পরিচালনায় বিমানবন্দর কর্তৃপক্ষ অভ্যস্ত। ফলে মাস্কাট ফ্লাইট চালুর জন্য আলাদা কোনো বড় ধরনের আয়োজনের প্রয়োজন হবে না।

সিলেট থেকে সরাসরি মাস্কাট ফ্লাইট চালুর ফলে প্রবাসী কর্মী, ব্যবসায়ী ও অন্যান্য আন্তর্জাতিক যাত্রীদের জন্য যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘ বিরতির পর বিদেশি এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট ফিরে আসাকে সিলেটের বিমান যোগাযোগ খাতের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আন্দোলনের মাঝেই বার্গার খেয়ে পদ হারালেন সিজেপি মুখপাত্র বিজে

আন্দোলনের মাঝেই বার্গার খেয়ে পদ হারালেন সিজেপি মুখপাত্র বিজে