হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান,‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান,‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 11, 2026 ইং
হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান,‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের ছবির ক্যাপশন: ওমানের মাসকাট বন্দরে নোঙর করা ট্যাংকার ‘লুজিয়াশান’; ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে বাড়ছে উদ্বেগ। (ছবি: রয়টার্স)

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, ইরান এই কৌশলগত জলপথে মাইন বসানোর কার্যক্রম শুরু করেছে। যদিও এখন পর্যন্ত এ কার্যক্রম খুব বড় পরিসরে হয়নি, তবুও বিষয়টি আন্তর্জাতিক রাজনীতি ও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে।

হরমুজ প্রণালি বিশ্বের তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ এই সংকীর্ণ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে কোনো সামরিক উত্তেজনা সৃষ্টি হলে তার প্রভাব পড়তে পারে পুরো বৈশ্বিক জ্বালানি বাজারে।

মার্কিন গোয়েন্দা প্রতিবেদন সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, গত কয়েক দিনে ইরান সীমিত পরিসরে কয়েকটি মাইন স্থাপন করেছে। তবে বিষয়টি এখনও ব্যাপক আকার নেয়নি। একটি সূত্রের দাবি, ইরানের হাতে এখনো ৮০ থেকে ৯০ শতাংশ ক্ষুদ্র যুদ্ধযান এবং মাইন স্থাপনকারী জাহাজ অক্ষত রয়েছে, যা চাইলে দ্রুত বিপুল সংখ্যক মাইন ছড়িয়ে দিতে সক্ষম।

বিশেষজ্ঞদের মতে, যদি ইরান সত্যিই বৃহৎ পরিসরে মাইন স্থাপন শুরু করে, তাহলে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এতে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ ও এশিয়ার জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

বর্তমানে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির নৌবাহিনীর সঙ্গে যৌথভাবে হরমুজ প্রণালির কৌশলগত নিয়ন্ত্রণে রয়েছে। তাদের কাছে বিচ্ছিন্নভাবে মাইন স্থাপনকারী নৌযান, বিস্ফোরক বোঝাই স্পিডবোট এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহারের সক্ষমতা রয়েছে।

এই পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, যদি ইরান হরমুজ প্রণালিতে মাইন বসিয়ে থাকে—যদিও যুক্তরাষ্ট্রের কাছে এ বিষয়ে নিশ্চিত তথ্য নেই—তাহলে সেগুলো দ্রুত সরিয়ে নেওয়া উচিত।

ট্রাম্প আরও বলেন, যদি মাইন বসানো হয়ে থাকে এবং তা সরানো না হয়, তবে ইরানকে “নজিরবিহীন পরিণতির” মুখোমুখি হতে হবে। তবে তিনি এটাও উল্লেখ করেন, তেহরান যদি মাইন সরিয়ে নেয়, তাহলে তা হবে উত্তেজনা কমানোর পথে একটি বড় পদক্ষেপ।

ট্রাম্পের এই মন্তব্যের কিছুক্ষণ পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানান, প্রেসিডেন্টের নির্দেশে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হরমুজ প্রণালিতে ইরানের মাইন স্থাপনকারী নৌযানগুলোকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।

তিনি দাবি করেন, মার্কিন বাহিনী অত্যন্ত নিখুঁতভাবে এসব লক্ষ্যবস্তু ধ্বংস করছে এবং হরমুজ প্রণালিকে কোনোভাবেই “সন্ত্রাসীদের জিম্মি” হতে দেওয়া হবে না।

পরে সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, তারা হরমুজ প্রণালির কাছে ১৬টি মাইন স্থাপনকারী জাহাজসহ ইরানের বেশ কয়েকটি নৌযান ধ্বংস করেছে। যদিও এ দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে আইআরজিসি সতর্ক করে বলেছিল, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী যেকোনো জাহাজ হামলার ঝুঁকিতে থাকবে। ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল উত্তেজনার মধ্যে এই জলপথ দিয়ে চলাচল বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

কিছু আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক বর্তমান পরিস্থিতিকে “ডেথ ভ্যালি” বা মৃত্যু উপত্যকা হিসেবেও উল্লেখ করেছেন। কারণ, যেকোনো সময় সামরিক সংঘর্ষ বা হামলার আশঙ্কা তৈরি হয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কোনো বাণিজ্যিক জাহাজকে সরাসরি পাহারা দিয়ে এই প্রণালি পার করে দেয়নি। তবে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে।

গত সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি নিরাপদ রাখার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত। সেখানে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি রয়েছে এবং মাইন শনাক্ত করার জন্য তাদের কাছে বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি রয়েছে।

বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি এই সংকট আরও গভীর হয়, তাহলে তা শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।



নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ঈদযাত্রায় উত্তরের মহাসড়কে ৪ স্পটে তীব্র যানজটের শঙ্কা

ঈদযাত্রায় উত্তরের মহাসড়কে ৪ স্পটে তীব্র যানজটের শঙ্কা