২৫০ দিন সাগরে, মার্কিন নৌসেনাদের মানসিক বিপর্যয় The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

২৫০ দিন সাগরে, মার্কিন নৌসেনাদের মানসিক বিপর্যয়

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
২৫০ দিন সাগরে, মার্কিন নৌসেনাদের মানসিক বিপর্যয় ছবির ক্যাপশন:

ইরানবিরোধী সামরিক অভিযানের কারণে দীর্ঘ সময় সমুদ্রে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে মানবিক সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রায় ৫ হাজার নৌসেনা ও মেরিন সদস্য দীর্ঘদিন ধরে ডাঙায় ফেরার সুযোগ না পাওয়ায় তাদের মধ্যে মানসিক চাপ ও হতাশা বাড়ছে বলে সেনাদের স্বজনরা জানিয়েছেন।

মার্কিন সামরিক সংবাদমাধ্যম মিলিটারি টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে দীর্ঘ সময় অবস্থানের পাশাপাশি খাবার, সুপেয় পানি, বাথরুম ও অন্যান্য মৌলিক সুবিধা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। পরিস্থিতির কারণে কয়েকজন সেনাসদস্য সাগরে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার সান দিয়েগোতে আয়োজিত এক গণশুনানিতে প্রায় ২০০ সেনাসদস্যের স্বজন নৌবাহিনীর কর্মকর্তাদের কাছে ক্ষোভ প্রকাশ করেন। স্বজনদের অভিযোগ, বারবার মোতায়েনের মেয়াদ বাড়ানোয় সেনাদের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব পড়ছে। কারও কারও পরিবার জানিয়েছে, দীর্ঘ বিচ্ছিন্নতা ও অনিশ্চয়তার কারণে তাদের স্বজনরা চরম হতাশায় ভুগছেন।

গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে প্রশান্ত মহাসাগরের উদ্দেশে যাত্রা করে ইউএসএস আব্রাহাম লিংকন। পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হলে রণতরিটিকে ওই অঞ্চলে পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২৫০ দিন ধরে ডাঙার বাইরে থাকা সেনারা ডিসেম্বর ও জুলাইয়ে অল্প সময়ের জন্য গুয়াম ও ওমানে নামার সুযোগ পেয়েছিলেন। মে মাসে ফেরার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে মোতায়েনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়।

জাহাজটির জীবনযাত্রা নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। ছত্রাকযুক্ত বাথরুম, অকেজো টয়লেট ও ওয়াশিং মেশিন, গরম পানির সংকট এবং নিম্নমানের খাবারের অভিযোগ করেছেন সেনাদের স্বজনরা। প্রয়োজনীয় কিছু ব্যক্তিগত সামগ্রীর ঘাটতির কথাও উঠে এসেছে।

এর আগে জাহাজের খাবার ও পানির সংকটের অভিযোগকে ‘ফেক নিউজ’ বলে উড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে। এবার মার্কিন কংগ্রেসের সদস্য মাইক লেভিন পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সেনাদের জন্য ন্যূনতম জীবনযাত্রার সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মাঠপর্যায়ের দায়িত্বই নির্ধারণ করবে ১৭ বছরের আন্দোলনের ফল

মাঠপর্যায়ের দায়িত্বই নির্ধারণ করবে ১৭ বছরের আন্দোলনের ফল