পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলায় অন্তত সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে আটজন সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাতের এই হামলার পর পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা পুলিশ কর্মকর্তা তারিক হাবিব জানান, হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে অভিযান শুরু করে। এখন পর্যন্ত কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। হামলার উদ্দেশ্য ও এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর মাত্র কয়েক দিন আগে একই প্রদেশের টাঙ্ক জেলায় আরেকটি চেকপোস্টে সশস্ত্র হামলায় সেনাবাহিনী, পুলিশ ও সরকারি কর্মকর্তাসহ অন্তত ১৫ জন নিহত হন। ওই ঘটনার পর পরিচালিত অভিযানে ১২ জন হামলাকারী নিহত হয়েছে বলে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছিল।
আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশ দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। সাম্প্রতিক মাসগুলোতে সেখানে সশস্ত্র হামলা ও সহিংসতার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাকিস্তান সরকার এসব হামলার জন্য আফগানিস্তানভিত্তিক বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করে আসছে।
তবে আফগান তালেবান সরকার পাকিস্তানের এ অভিযোগ বারবার অস্বীকার করেছে। দুই দেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি নিয়ে উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের দাবি, তারা সীমান্তের ওপারে সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে। অন্যদিকে তালেবান সরকার এবং জাতিসংঘের তথ্য অনুযায়ী, জুন মাসে পূর্ব আফগানিস্তানে পাকিস্তানের একটি হামলায় কয়েক ডজন বেসামরিক নাগরিক নিহত হন। এসব ঘটনার ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
কসমিক ডেস্ক