মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে রাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের অবস্থা
সংঘর্ষে আহতদের মধ্যে গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু (৬০) ও খাইরুল ইসলাম (৪৪) গুরুতর আহত হয়েছেন।
তাদের আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া আহতদের মধ্যে রয়েছেন—
-
রাইপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বকুল হোসেন (৪০)
-
রাসেল হোসেন (৪২)
তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অন্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা
স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই বিপ্লবের পর থেকে রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম সাকলায়েন ছেপু পরিষদে প্রবেশ করতে পারেননি।
তার অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিএনপি নেতা সারকিদুল ইসলাম।
তবে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিএনপির একটি পক্ষ দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছিল।
সংঘর্ষের সূত্রপাত
মঙ্গলবার দুপুরে বিএনপি নেতা আলফাজ উদ্দিন কালু আওয়ামী লীগ নেতা গোলাম সাকলায়েনের পক্ষ নিয়ে ইউনিয়ন পরিষদে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
খবর পেয়ে প্যানেল চেয়ারম্যান সারকিদুল ইসলাম ও তার সমর্থকরা ইউনিয়ন পরিষদে অবস্থান নেন।
এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ–পাল্টা অভিযোগ
সংঘর্ষের বিষয়ে গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু বলেন, প্যানেল চেয়ারম্যান সারকিদুল ইসলামের বিরুদ্ধে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম ও সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
অন্যদিকে প্যানেল চেয়ারম্যান সারকিদুল ইসলাম দাবি করেন, একটি পক্ষ ইউনিয়ন পরিষদে হামলা ও লুটপাটের পরিকল্পনা করছিল।
তিনি বলেন, “এমন তথ্য পেয়ে আমরা ইউনিয়ন পরিষদে অবস্থান নিয়েছিলাম।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাংনী এলঙ্গী ক্যাম্পের ইনচার্জ অতুল কুমার জানান, বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কসমিক ডেস্ক