মার্কিন বাজারে বাংলাদেশি প্রযুক্তি সেবা সম্প্রসারণে নতুন উদ্যোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মার্কিন বাজারে বাংলাদেশি প্রযুক্তি সেবা সম্প্রসারণে নতুন উদ্যোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2026 ইং
মার্কিন বাজারে বাংলাদেশি প্রযুক্তি সেবা সম্প্রসারণে নতুন উদ্যোগ ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আউটসোর্সিং সেবা সম্প্রসারণের নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়া গ্রুপ। এ লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির সহযোগী প্রতিষ্ঠান জেডএইচবি সলিউশনের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন বাজারে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি তরুণদের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক কর্মবাজারে অংশগ্রহণের সুযোগ তৈরি করতেও তারা কাজ করবে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের বৃহত্তর আটলান্টার নরক্রসে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, প্রযুক্তি খাতের পেশাজীবী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে বিটোপিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ মনির হোসেন বলেন, প্রযুক্তি ও আউটসোর্সিং খাতে বাংলাদেশি পেশাজীবীদের দক্ষতা আন্তর্জাতিক বাজারে ক্রমেই বেশি গ্রহণযোগ্যতা অর্জন করছে। দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের গ্রাহকদের প্রযুক্তি সহায়তা, ওয়েবসাইট উন্নয়ন, ডিজিটাল মার্কেটিং, কাস্টমার সার্ভিস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স এবং বিভিন্ন তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে নতুন কার্যক্রমের মাধ্যমে দেশটির ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও দ্রুত প্রযুক্তি সহায়তা নিশ্চিত করার চেষ্টা করা হবে। বিশেষ করে ব্যবসা ব্যবস্থাপনা সহায়তা, অনলাইন ব্র্যান্ডিং, ডিজিটাল উপস্থিতি বৃদ্ধি, এআইভিত্তিক সেবা, গ্রাহকসেবা ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর কাস্টম সমাধান নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি।

মুহাম্মদ মনির হোসেন আরও বলেন, প্রযুক্তিনির্ভর বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশি তরুণদের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। সঠিক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের কাজের পরিবেশ নিশ্চিত করা গেলে তারা বিশ্ববাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবেন। এ কারণেই প্রযুক্তি সেবা সম্প্রসারণের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

জেডএইচবি সলিউশনের প্রতিষ্ঠাতা, সিইও ও প্রিন্সিপাল এজেন্ট প্রকৌশলী জহিরুল হক ভূইয়া বলেন, নতুন অফিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি সহায়তা, আউটসোর্সিং, সফটওয়্যার সাপোর্ট এবং বিভিন্ন ডিজিটাল সেবা পরিচালনা করা হবে। পাশাপাশি প্রযুক্তি, বীমা এবং রিয়েল এস্টেট খাতে সমন্বিত সেবা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

তিনি জানান, সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি সাপোর্ট, ম্যানেজড সার্ভিস, ক্লাউড সলিউশন, ডেভঅপস এবং সাইবার সিকিউরিটি সেবার পাশাপাশি ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হবে। একই সঙ্গে অটো, হোম ও ব্যবসায়িক বীমা সেবা এবং আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি ক্রয়-বিক্রয়, বিনিয়োগ পরামর্শ ও রিয়েল এস্টেট সেবাও কার্যক্রমের অন্তর্ভুক্ত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নতুন এই উদ্যোগকে প্রবাসী বাংলাদেশিদের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ প্রযুক্তি খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি দক্ষ জনশক্তির জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

আয়োজকরা জানান, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক কর্মবাজারে প্রবেশের সুযোগ তৈরিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। প্রযুক্তিনির্ভর বৈশ্বিক বাজারে বাংলাদেশিদের অংশগ্রহণ আরও বাড়াতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সঞ্চয়পত্র সিদ্ধান্ত বদলে শেয়ারবাজারে দরপতন

সঞ্চয়পত্র সিদ্ধান্ত বদলে শেয়ারবাজারে দরপতন