সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় শুরু হয়েছে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ৪৬তম অধিবেশন। পবিত্র কোরআন হিফজ, তিলাওয়াত ও ব্যাখ্যাকে কেন্দ্র করে আয়োজিত এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশ থেকে মোট ৩৩৪ জন পুরুষ ও নারী অংশ নিচ্ছেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতার ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক দেশ ও প্রতিযোগীর অংশগ্রহণ ঘটেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সৌদি বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, আগামী ১৯ আগস্ট পর্যন্ত এই আন্তর্জাতিক আয়োজন চলবে।
প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য হলো মুসলিম তরুণদের পবিত্র কোরআন মুখস্থ করার পাশাপাশি এর অর্থ ও তাৎপর্য অনুধাবন এবং কোরআনের বিষয়বস্তু নিয়ে চিন্তা করতে উৎসাহিত করা। একই সঙ্গে কোরআনের সেবা, এর হাফেজদের সম্মান এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্যে একটি মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করাও এ আয়োজনের লক্ষ্য।
এবারের প্রতিযোগিতায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য পৃথক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশনে নারী প্রতিযোগীদের পর্ব অনুষ্ঠিত হবে। অন্যদিকে পুরুষ প্রতিযোগীদের সমাপনী অনুষ্ঠান পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক এ কোরআন প্রতিযোগিতা মোট পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। এতে বিজয়ীদের জন্য রাখা হয়েছে বড় অঙ্কের পুরস্কার। এবারের মোট পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল। প্রতিযোগিতাটি শুরু হওয়ার পর থেকে এটিই সর্বোচ্চ পুরস্কারের অর্থমূল্য বলে জানানো হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের কোরআন হিফজ, তিলাওয়াত ও ব্যাখ্যার ক্ষেত্রে দক্ষ তরুণদের অংশগ্রহণের মধ্য দিয়ে মক্কার এই আয়োজন আন্তর্জাতিক পর্যায়ে ইসলামি জ্ঞানচর্চা ও কোরআন শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কসমিক ডেস্ক