নওগাঁ শহরে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৪ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সঙ্গে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাতে যশোরের কোতোয়ালি থানা এলাকা থেকে অভিযুক্ত জামাল হোসেন ফুলনকে গ্রেপ্তার করা হয়।
নওগাঁ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গ্রেপ্তার জামাল হোসেন ফুলন যশোর জেলার কোতোয়ালি থানার বাসিন্দা। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ৩০ জুলাই সকালে নওগাঁ শহরের তাজের মোড়ে স্বর্ণ ব্যবসায়ী সুভাষ পালের গতিরোধ করে একটি সংঘবদ্ধ চক্র তার কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেয়।
ঘটনার পরপরই সদর থানা ও জেলা গোয়েন্দা শাখাকে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্তে জেলা পুলিশের নতুন স্থাপিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সংযুক্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ, বিভিন্ন জেলার তথ্য এবং টোল প্লাজার রেকর্ড বিশ্লেষণ করে ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাস শনাক্ত করা সম্ভব হয়।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে যশোর জেলা পুলিশের সহযোগিতায় জামাল হোসেন ফুলনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, চার সদস্যের একটি সংঘবদ্ধ চক্র এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, চক্রটি একটি কালো মাইক্রোবাস নিয়ে ঢাকা থেকে স্বর্ণ ব্যবসায়ী সুভাষ পালকে অনুসরণ করে। তিনি কল্যাণপুর থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে নওগাঁর উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকেই তাকে নজরদারিতে রাখা হয়। নওগাঁ শহরে বাস থেকে নামার পর তাজের মোড় এলাকায় তার হাতের ব্যাগ থেকে আনুমানিক ১৪ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় চক্রের সদস্যরা।
পুলিশ সুপার জানান, ঘটনার পর শহরজুড়ে তল্লাশি শুরু হলে ছিনতাইকারীরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। গ্রেপ্তার জামাল হোসেন ফুলন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কসমিক ডেস্ক