নতুন ইউনিফর্মে ফিরল বাংলাদেশ পুলিশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নতুন ইউনিফর্মে ফিরল বাংলাদেশ পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
নতুন ইউনিফর্মে ফিরল বাংলাদেশ পুলিশ ছবির ক্যাপশন:

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন এসেছে। নতুন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১ জুলাই) থেকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট পরেই দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা। পর্যায়ক্রমে নতুন পোশাক দেশের সব ইউনিটে সরবরাহ করা হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

নতুন ইউনিফর্মে পুলিশ কর্মকর্তাদের প্রথমবার প্রকাশ্যে দেখা যায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে। অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, নতুন পোশাক ইতোমধ্যে যেসব সদস্যের কাছে পৌঁছেছে তারা তা পরেই দায়িত্ব পালন করছেন। পর্যায়ক্রমে দেশের সব পুলিশ সদস্য নতুন ইউনিফর্ম পাবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশে সংস্কারের অংশ হিসেবে ইউনিফর্ম পরিবর্তনের দাবি ওঠে। পরে আইন-শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং পরিবর্তন করে লোহা-ধূসর শার্ট ও কফি-বাদামি ধূসর প্যান্ট নির্ধারণ করা হয় এবং গত বছরের ২৫ নভেম্বর সেই ইউনিফর্ম ব্যবহার শুরু হয়।

তবে ওই পোশাক নিয়ে মাঠপর্যায়ে এবং বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেওয়ায় নতুন সরকার পুনরায় ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর নতুন প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ এবং র‍্যাব, সিআইডি, এসবি ও অন্যান্য নির্ধারিত ইউনিটের জন্য গাঢ় নীল রঙের শার্ট ও খাকি রঙের ট্রাউজার নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারী পুলিশের পোশাক, মাথার আবরণ এবং মৌসুমভেদে শার্টের ধরন সম্পর্কেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন ইউনিফর্মের মাধ্যমে পুলিশের পেশাদারিত্ব ও পরিচিতিকে আরও সুসংহত করার লক্ষ্য রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
"আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না"

"আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না"