উপকূলীয় অঞ্চলের জেলে, ট্রলার ও নৌযান মালিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৈরী আবহাওয়ার কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযানকে মাছ ধরা কিংবা অন্য কোনো উদ্দেশ্যে সমুদ্রে না যাওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১৮ জুলাই) এক বার্তায় এ আহ্বান জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন।
তিনি জানান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। এ অবস্থায় ট্রলার, মাছ ধরার নৌকা এবং অন্যান্য নৌযানের সমুদ্রে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযানকে সমুদ্রে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে সমুদ্রে অবস্থানরত সব ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে নৌযান ও ট্রলারের মালিকদের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ জোন সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এ ছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে বা সমুদ্রে দুর্ঘটনার তথ্য জানাতে বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ মোকাবিলা এবং উদ্ধার কার্যক্রম পরিচালনায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে।
কসমিক ডেস্ক