বাংলাদেশ বিমানবাহিনীতে (বিএএফ) বেসামরিক বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মোট ৪৫টি ক্যাটাগরিতে ৩৪২ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২২ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন প্রশাসনিক, কারিগরি, আইটি, পরিবহন, অগ্নিনির্বাপণ, অফিস সহায়ক এবং সেবামূলক পদে জনবল নেওয়া হবে। উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার অপারেটর (৫), অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (৩০), ফায়ার ফাইটার (৬), মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (২৭), বাবুর্চি (৩৬), পরিচ্ছন্নতাকর্মী (৪২), ওয়াচম্যান (১১) এবং আরও বিভিন্ন কারিগরি ও সহায়ক পদ।
বেতন কাঠামো জাতীয় বেতন স্কেল-২০১৬ অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। পদভেদে মাসিক বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ৩৩ হাজার ৯৭০ টাকা পর্যন্ত হবে। এছাড়া সরকারি বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও প্রযোজ্য হবে।
আবেদনকারীর বয়স ২০২৬ সালের ১ আগস্ট তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য শর্ত আলাদা। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের বিস্তারিত যোগ্যতা ও শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদন ফি পদভেদে ১৫০ টাকা, ১০০ টাকা ও ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর নাগরিকদের জন্য সব পদের আবেদন ফি ৫০ টাকা রাখা হয়েছে।
আবেদন গ্রহণ শুরু হয়েছে ২ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে এবং ২২ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন ও ফি জমা দেওয়া যাবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
বাংলাদেশ বিমানবাহিনীর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রতিটি পদের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। তাই আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে সব তথ্য যাচাই করে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
কসমিক ডেস্ক