কুমিল্লার দাউদকান্দিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় উজ্জ্বল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতী-মেঘনা সেতুর পশ্চিম টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক উজ্জ্বল মিয়া নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার মল্লিকনগর গ্রামের মৃত চন্দন মিয়ার ছেলে। তিনি ঢাকার মিরপুর-২ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) কাওছারের নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি সন্দেহভাজন প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে গাড়ির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয় এবং চালক উজ্জ্বল মিয়াকে আটক করা হয়।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, মাদক নির্মূলে পুলিশ 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে কাজ করছে। মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে তাকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হবে।
পুলিশের দাবি, মাদক পাচার রোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কসমিক ডেস্ক