সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে তিনি মাঠপর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন।

সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান এবং প্রশিক্ষণের বিভিন্ন ধাপ সরাসরি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম, কৌশলগত প্রস্তুতি এবং সামরিক সক্ষমতা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং নেন।

তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা (Verbal Order) মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি ‘রেইড’ (Raid) মহড়া প্রত্যক্ষ করেন। পাশাপাশি যুদ্ধক্ষেত্রে সেনাদের অবস্থান গ্রহণ, রণকৌশল প্রয়োগ, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী সামরিক প্রশিক্ষণের বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

প্রধানমন্ত্রী সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি প্রশিক্ষণের বাস্তব অভিজ্ঞতা, যুদ্ধ প্রস্তুতি এবং কৌশলগত বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছেও গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। মাঠপর্যায়ে সেনাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সরাসরি যোগাযোগ উপস্থিত সদস্যদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করে।

পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। সরকারপ্রধানকে নিজেদের সঙ্গে একই পরিবেশে দেখে সেনাসদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

পরে সেনাসদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। তিনি জাতীয় সংকট মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর অবদানের প্রশংসা করেন।

তিনি আরও বলেন, আধুনিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মিত প্রশিক্ষণ, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর সদস্যদের দক্ষতা ও মনোবল ধরে রাখার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর বাহিনী গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল