ঈদযাত্রা নিরাপদ রাখতে নদীপথে নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঈদযাত্রা নিরাপদ রাখতে নদীপথে নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

  • নিউজ প্রকাশের তারিখ : May 26, 2026 ইং
ঈদযাত্রা নিরাপদ রাখতে নদীপথে নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছবির ক্যাপশন: ঈদুল আজহা উপলক্ষে দেশের গুরুত্বপূর্ণ লঞ্চঘাট ও নৌপথে নিরাপত্তা জোরদার করেছে নৌ পুলিশ।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সারা দেশে নদীপথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নৌ পুলিশ। নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিমের দিক নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সোমবার (২৪ মে) রাতে নৌ পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌ পুলিশের আওতাধীন উত্তর ও দক্ষিণ বিভাগের ১১টি অঞ্চলে গুরুত্বপূর্ণ লঞ্চঘাট, ফেরিঘাট ও নৌপথে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। উত্তর বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, টাঙ্গাইল, সিলেট ও কিশোরগঞ্জ এবং দক্ষিণ বিভাগের চাঁদপুর, বরিশাল, খুলনা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিরাপত্তা তদারকির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। একই সঙ্গে সদরঘাট, পাটুরিয়া, দৌলতদিয়া, শিমুলিয়া, কাজিরহাট ও আরিচা ঘাটসহ দেশের গুরুত্বপূর্ণ নৌঘাটে অতিরিক্ত নৌ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ২৪ ঘণ্টা পালাক্রমে দায়িত্ব পালন করছেন।

নৌ পুলিশের তথ্য অনুযায়ী, সারাদেশে ১৭০টি ডিউটি পোস্টে মোট ১ হাজার ১৪৩ জন সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং, পর্যাপ্ত লাইফ জ্যাকেট সরবরাহ এবং অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

এছাড়া নদীপথে চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। কোরবানির পশুবাহী জলযানে যাতে কোনো ধরনের হয়রানি বা চাঁদাবাজি না হয়, সে বিষয়েও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা কার্যক্রম গত ২২ মে থেকে শুরু হয়েছে এবং আগামী ২ জুন পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
হাওর ও জলাভূমি রক্ষায় কঠোর আইন, দখলদারদের জন্য জেল-জরিমানা

হাওর ও জলাভূমি রক্ষায় কঠোর আইন, দখলদারদের জন্য জেল-জরিমানা