সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম ও অর্জন জনগণের সামনে যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, এই সময়ের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন থাকতে হবে এবং তা তথ্যভিত্তিক ও বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা জরুরি।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, শুধু উন্নয়ন কর্মকাণ্ড নয়, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দুর্নীতি প্রতিরোধে নেওয়া কার্যকর পদক্ষেপগুলোও এই অর্জনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য জনকল্যাণভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন।
তিনি আরও জানান, গত ১৮০ দিনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জনগণের জীবনমান উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, নগর ব্যবস্থাপনার আধুনিকায়ন, গ্রামীণ উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নতকরণে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসব কার্যক্রমের বাস্তব অগ্রগতি এবং জনগণের ওপর এর ইতিবাচক প্রভাব সঠিকভাবে উপস্থাপন করা প্রয়োজন।
এছাড়া কর্মসংস্থান সৃষ্টি, নারী ক্ষমতায়ন এবং স্থানীয় অর্থনীতির বিকাশে গৃহীত পদক্ষেপগুলোকেও গুরুত্ব দিয়ে তুলে ধরার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী ঘোষিত ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ দর্শনের আলোকে দেশের বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও টেকসই করার বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিবসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং অনেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মেও অংশ নেন।
কসমিক ডেস্ক